
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ছাত্রলীগের ধর্মঘট এবং সম্ভাব্য নাশকতার তৎপরতা প্রতিহত করতে চাঁদপুর জেলাজুড়ে তীব্র সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলো। বিশেষ করে মঙ্গলবার সকাল থেকে চাঁদপুর জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।
একই সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকেই চাঁদপুর শহরের নতুন বাজার, পুরাণবাজার, শপথ চত্বর, বায়তুল আমিন মসজিদ সংলগ্ন পুলিশ বক্সের সামনে, বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান ও মিছিল করতে দেখা যায়। শহরের বাইরে বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কেও অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, এইদিন ভোরের আলো ফোটার পরপরই শহরে বিএনপির মিছিলের আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ে। সকালে চাঁদপুর সরকারি কলেজে ছাত্রদলের প্রতিবাদ মিছিল বের হয়। এ ছাড়া শহরের শপথ চত্বর এলাকায় জেলা ছাত্রদলের প্রতিরোধ কর্মসূচিতে অংশ নেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজি এবং যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদ। সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ জানান, দেশবিরোধী যেকোনো অপকর্ম ও নৈরাজ্য মোকাবিলায় ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সজাগ থাকবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরেফিন খান নিজের ফেসবুক স্ট্যাটাসে শহরের রাজপথে অবস্থানের ছবি সহ লিখেন-ওয়েলকাম, ১৭ বছর রাজপথে ছিলাম.. আমড়া দেশ থেকে পালাইনি… আজ ও আছি … রাজপথ আমাদের ঠিকানা…..।
চাঁদপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা লঞ্চঘাট এলাকায় অবস্থান নেন। পুরাণ বাজার লোহারপোল চত্বর, ব্রীজের গোড়া, নতুন বাজার মোড়, চাঁদপুর কোর্ট এলাকা এবং ১২ নম্বর ওয়ার্ডেও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শক্ত অবস্থানে দেখা গেছে।
একই সঙ্গে চাঁদপুর শহর জামায়াতের নেতাকর্মীদেরও রাজপথে মহড়া দিতে দেখা গেছে। শহর জামায়াতের নেতা অ্যাডভোকেট মো. শাজাহান খানের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা রাজপথে উপস্থিত ছিলেন।
শহরের পাশাপাশি চাঁদপুর সদরের ৭ নম্বর তরপুরচণ্ডী, ৩ নম্বর ওয়ার্ড এবং ২ নম্বর আশিকাটি ইউনিয়নে ফ্যাসিস্ট নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালিত হয়। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসাধারণের জানমালের নিরাপত্তায় পাহারায় ছিলেন। এ ছাড়া হাইমচর উপজেলাতেও বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর প্রতিরোধমূলক তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
সামাজিক যোগাযোগমাধ্যমেও রাজপথে থাকার বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করে কড়া বার্তা দেন স্থানীয় যুবদল ও বিএনপি নেতারা। জেলা যুবদল নেতা ইউসুফ মিয়াজী, সালাউদ্দিন বেপারী, যুবদল নেতা মো. শিমুল তালুকদার, জাসাস নেতা শাওন পাটোয়ারী এবং বিএনপি নেতা কাজি সোহেলসহ অনেকে ফেসবুক পোস্টে জানান, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রাজপথেই প্রতিহত করা হবে।
নেপথ্যে শহীদ স্তম্ভে আগুন ও বর্তমান পরিস্থিতি
জুলাই আন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হলেও সম্প্রতি চাঁদপুরের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে।
গত শুক্রবার ৭ নভেম্বর জুমার নামাজের সময় চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ‘ছত্রিশ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই স্থানীয় বিএনপি, সমমনা দলসমূহ এবং জেলা প্রশাসন অতিরিক্ত সতর্কতা অবলম্বন শুরু করে। নাশকতার আশঙ্কায় জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরা ও নতুন পাসপোর্টের আবেদনের কেন্দ্র করে সৃষ্টি হওয়া চলমান আলোচনার প্রেক্ষাপটে চাঁদপুরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ দিনভর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল ও কঠোর নজরদারি অব্যাহত ছিল।
এখানে উল্লেখ্য, বিগত সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলের কর্মসূচির বিরোধিতা করে অনুরূপ রাজনৈতিক অবস্থান কর্মসূচি নিয়ে মাঠে ছিল ।


















