শনিবার , মার্চ ২৮ ২০২৬

ফিরে দেখা ২০২৫: চাঁদপুরে আলোচিত যত ঘটনা

ফিরে দেখা ২০২৫: চাঁদপুরে আলোচিত যত ঘটনা

খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণা ও আলোচনার মধ্যে একটু নজর বোলানো যাক ২০২৫ সালের দিকে। একটু পেছন ফিরে তাকালে আমরা দেখবে, বছরটি ছিল জেলাজুড়ে নানা ঘটনার। এর মধ্যে চাঁদপুরে  আলোচিত ঘটনা পাঠকের সামনে তুলে ধরা হলো।

৫ জানুয়ারি

একজনকে মারলে সমস্যা:তাই ৭ জনকেই মেরে ফেলেছি

লোমহর্ষক ৭ খুনের বর্ণানা দিলেন চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে হত্যাকারী ইরফান। একজনকে মারলে ত মারলে ত সমস্যা তাই ৭ জনকেই মেরে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি। ২৫ ডিসেম্বর বুধবার র‌্যাব-১১ এর কুমিল্লা টিম কে এসব জানায় আকাশ মন্ডল ইরফান।  তিনি বলেন, বেতন পাই না কয়েক মাস;আবার চাইলেও গালমন্দ করতো জাহাজের মাষ্টার কিবরিয়া। এটা দেখেও জাহাজের অন্যরা কেউ প্রতিবাদ করতো না। তাই রাগে ক্ষোভেই সব গুলারে জাহাজেই মেরে ফেলেছি। ইরফান বলেন, দোকান থেকে ঘুমের ঔষুধ কিনেছি। এরপর বাবুর্চি রান্না করে রেখে যাওয়ার পর সে খাবারগুলোতে ঘুমের ঔষুধ মিশাই। সন্ধ্যায় যখন সবাই খেয়ে কেবিনগুলোতে ঘুমাচ্ছিলো। তখনি মাষ্টারকে দিয়ে মারার মিশন শুরু করি। চাইনিজ কুড়াল টা দোকান থেকে কিনেছিলাম। মারার পর ওইটা জাহাজেই ফেলে এসেছি। মারবো বলেই ওই রাতে আমি খাবার খাইনি। ইরফান আরও বলেন, শেষে জুয়েলকে গলায় ছুরি দিয়ে জবাই দেই। ছুরিটা বাবুর্চির কেবিন থেকেই নিয়েছি। ও কিভাবে বাঁচলো তা জানি না। গলায় ত ইচ্ছে মতো পোচাইছি।পালালেন কিভাবে এমন প্রশ্নের জবাবে ইরফান বলেন, ওখানে ত সব চর। মাঝের চরে নামলে রাস্তা দেখতে পাই। সেখানে হাত মুখ ধুয়ে বিকাশে টাকা ছিলো তা উঠিয়ে পোশাক কিনে জেলে ট্রলারে করে পালিয়ে চলে যাই। আমার এই অপরাধে আর কেউ জড়িত নেই। প্রমাণ লোপাটের চেষ্টায় রক্তমাখা পোশাক খুলে ফেলি এবং পরে নতুন জামা কিনে সেটা পড়ি। আমার বোনদেরকেও জানাইনি। ভাবছিলাম কোথাও দূরে চলে যাবো।

২৫ ফেব্রুয়ারি

চাঁদপুর শহরে এক কক্ষ থেকেই স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের পালপাড়া এলাকার শাহজাহান ভিলা  দ্বিতীয় তলার এক ঘর থেকেই স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- ঢাকা যাত্রাবাহী এলাকার জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রী শিউলী আক্তার (৩৫)। মঙ্গলবার দুপুরে (২৫ ফেব্রুয়ারি) ফ্লাটবাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এরমধ্যে স্বামী ছিলো ফ্যানের সাথে রশি বাঁধা অবস্থায় ঝুলন্ত এবং স্ত্রী ছিলো মেঝেতে পড়া অবস্থায়।

১৮ মার্চ

শাহরাস্তিতে পরকীয়া প্রেমিকার হাতে দিনমজুর খুন: মা-মেয়ে আটক

শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামের প্রবাসী আবুল হোসেন মানিকের বাসার ছাদে দিনমজুর আলমগীর হোসেন (৩৫) কে জবাই করে হত্যা করার কয়েক ঘন্টার মধ্যেই হত্যার রহস্য উন্মোচন করেছে শাহরাস্তি থানা পুলিশ।

সোমবার রাতেই  জিজ্ঞাসাবাদের জন্যে বাড়ির মালিক প্রবাসী মানিকের স্ত্রী খোদেজা বেগম ও তার মেয়ে আলমগীরের পরকীয়া প্রেমিকা মাহমুদা আক্তার সোনিয়াকে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সোনিয়া এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

২৪ মার্চ

হাজীগঞ্জে ছেলের সাথে অভিমান করে মায়ের আত্মহত্যা

পুত্র ও পুত্রবধুর সাথে অভিমান  পারভীন বেগম (৪০) নামের রোজা থাকা এক মা আত্নাহনন করেছেন। সাংসারিক কলহের জেরে বিষপান করে এমন কান্ড ঘটান  নিহত নারীর প্রতিবেশি সফিক ও সাঈদ জানান,  শুনেছি এদিন সকাল থেকেই পারিবারিক বিষয় নিয়ে ছেলে মিজানুর রহমান ও পুত্রবধূ রিয়ার সাথে পারভিন বেগমের ঝগড়া-বিবাদ চলে আসছে। এক পর্যায়ে ছেলে ও পুত্রবধূর উপর অভিমান করে তিনি কীটনাশক পান করেন।

১৫ এপ্রিল

শাহরাস্তিতে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহরাস্তি উপজেলার সূচিপাড়া জনতা ব্যাংক পিএলসি’র কর্মকর্তা রাকিব হাসান (২৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সূচিপাড়া বাজারে আপন প্লাজা (আব্দুর জব্বারের বিল্ডিং) ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর কক্ষ থেকে উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশ।

২৬ এপ্রিল

সমকামিতার অভিযোগে চাঁদপুরে দুই কিশোরী পুলিশে সোপর্দ

দুই ধর্মের দুই কিশোরীকে সমকামিতার অভিযোগে অভিভাবকরা পুলিশের হাতে সোপর্দ করেছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে তাদের চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে।

দুই কিশোরী হচ্ছে-চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইউসুফ মিয়ার মেয়ে রিতু (১৫) ও গোপালগঞ্জের কোটালিপাড়ার অনিল এর মেয়ে আরোহি (১৬)।

২৮ এপ্রিল

ডাকাতিয়া নদীতে ভেসে উঠলো সৌম্যজিৎ সরকারের মরদেহ

চাঁদপুরের গাছতলা ব্রীজের নীচে ডাকাতিয়া নদীতে জোয়ারের পানিতে ভেসে উঠলো সৌম্যজিৎ সরকার আপন(১৬) এর মরদেহ। তার ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে নৌ পুলিশ। বন্ধুদের সাথে নদীতে নেমে গতকাল দুপুরে নিখোঁজ হওয়া সৌম্যজিৎ এর মরদেহ বিকালে নদীতে ভেসে উঠে।

০৫ মে

চোরাই গ”রু বিক্রি, মাথা দেখে শনাক্ত করল মালিক

চাঁদপুরের বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে হাটবাজারে বিক্রি করছে চোর চক্র। এমনি একটি ঘটনায় দিনে দুপুরে চাঁদপুর সদর উপজেলার  তরপুচন্ডী এলাকা থেকে সাদা রংয়ের একটি গরু চুরি করে নিয়ে এসে শহরের বিপনীবাগ বাজারে বিক্রি করে দেয়। এ সময় বাজারের গোশত বিক্রেতা কালা বেপারী চুরি করে আনা গরুটি সোহাগ নামে এক চোরের কাছ থেকে ক্রয় করে।

তরপুচন্ডী এলাকার মৃত ডেঙ্গু মিজির ছেলে মতিন মিজি তার গরুটি না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরে তিনি বিপনিবাগ বাজারে গরুর গোশত বিক্রেতা কালা বেপারির দোকানের সামনে এসে তার চুরি হওয়া গরুর কাটা মাথা দেখে শনাক্ত করে।

১৪ মে

চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

চাঁদপুর শহরের ৫নম্বর রেলওয়েঘাট এলাকায় মা জায়েদা বেগমকে (৪৫) ইট ও দা দিয়ে আঘাত করে হত্যার দায়ে ছেলে শরীফ বেপারীকে (৩২) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার (১৪ মে) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শামছুন্নাহার এই রায় দেন।

হত্যার শিকার জায়েদা বেগম রেলওয়েঘাট এলাকার আরব আলী বেপারীর স্ত্রী এবং যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত শরীফ বড় ছেলে।

২৩ জুন

মতলব উত্তরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে পালালেন স্ত্রী

মতলব উত্তরে দ্বিতীয় স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার মতো ঘটেছে চাঞ্চল্যকর ও পৈশাচিক ঘটনা । শ্বশুরবাড়িতে স্বামী মো. উজ্জ্বলের পুরুষাঙ্গ কেটে নেয় স্ত্রী কল্পনা বেগম। সোমবার(২৩ জুন ২০২৫) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্ত্রী কল্পনা বেগম ও শশুর বাবর আলী পলাতক রয়েছে।

১১ জুলাই

চাঁদপুরে জুমার নামাজ শেষে খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা

দপুর শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে এক উগ্র মুসল্লি খতিবকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। এতে হামলাকারীকে সাথে সাথে অন্য মুসল্লিরা আটক করে এবং তার হাতে থাকা চাপাতি উদ্ধার করা হয়। রক্তাক্ত জখম অবস্থায় আহত খতিব মাওলানা আনম. নূরুর রহমান মাদানীকে(৬০) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন।

১২ জুলাই

চাঁদপুর রেলওয়ের লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের রেলওয়ের লেক থেকে আল-আমিন (১৭) নামে সদ্য এসএসসি উত্তীর্ণ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (১২ জুলাই) দিনগত রাত ১০টার দিকে মুক্তিযোদ্ধা সড়কের লেকের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর আল-আমিনের সঙ্গে থাকা ৭ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য সদর মডেল থানায় নিয়েছে পুলিশ।

১২ জুলাই

মতলবে পুকুর থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের গোপালকান্দি প্রাইমারি স্কুল সংলগ্ন একটি পুকুর থেকে হাবিবুর রহমান (৫৫) নামের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হাবিবুর রহমান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গন্ধব্যপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন অটোরিকশা চালক। তার শ্বশুরবাড়ি মতলব উত্তরের পুটিয়ারপার গ্রামে।

0৯ আগস্ট

ফরিদগঞ্জে হাত-পা বেঁধে বৃদ্ধ পিতাকে হত্যার চেষ্টা স্ত্রী-সন্তানদের

ফরিদগঞ্জে মনোয়ার হোসেন ওরফে মনা (৫৫) নামের এক অভিভাবককে হাত-পা বাঁধা অবস্থায় নিজের ঘর থেকে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসীসহ পুলিশ। শনিবার (৯ আগস্ট) রাত ১২টায় ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের পালের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিবেশী ইমাম হোসেন নান্টু, শাহাদাত হোসেন ও ফিরোজ আলম জানান, একটি অটোরিকশা কেনাবেচা নিয়ে মনোয়ার হোসেনের মেজ ছেলে জুয়েল, বড় মেয়ে প্রিয়া ও ছোট মেয়ে রিয়া এবং স্ত্রী তাসলিমা বেগম মিলে মনোয়ার হোসেনকে হাত-পা বেঁধে হত্যার উদ্দেশ্যে মারধর করতে থাকেন। একপর্যায়ে মেয়েরা বালিশচাপা দিয়ে তাকে মারার চেষ্টা করেন।

১৩ আগস্ট

মতলবে অটোরিকশা চালককে গুলি করে হত্যা

মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে অটোরিকশা চালক মিজানুর রহমান অভিকে (৩৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ আগস্ট) ভোর রাতে এখলাছপুর লঞ্চঘাটের রাস্তায় মিন্টুর দোকানের উত্তর পাশে এই ঘটনা ঘটে। নিহত অভি এখলাছপুর গ্রামের কাজী বাড়ির মৃত ফজলুল হক কাজীর ছেলে।

১৪ আগস্ট

মেঘনা নদীতে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ জাহাজ ডুবি

চাঁদপুরের মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ চাঁদতারা- ৮ নামের একটি জাহাজ নোঙর করা অবস্থায়  ডুবে গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ভোর ছয়টার সময় চাঁদপুর সদর উপজেলার  দোকানঘর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

০৬ সেপ্টেম্বর

মানসিক ভারসাম্যহানী নারীকে ধর্ষণ, অ্যাম্বুলেন্স চালক গ্রেপ্তার

চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (২৪) অ্যাম্বুলেন্সে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে চালক মো. মুরাদ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ওই নারীর ছোট বোনজামাতা সদর মডেল থানায় চালকসহ অজ্ঞাতনামা আরো দুই-তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন।

১৪ সেপ্টেম্বর

কবরে শায়িত হওয়ার আগে জীবিত নবজাতক উদ্ধার

মৃত ভেবে কবরস্থ করার জন্যে পৌর কবরস্থানে আনা এক শিশু জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর ক্ষোভ ও আবেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে কবর খোঁড়ার দায়িত্বে থাকা শ্রমিক শাহজাহানের কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি কার্টুনে করে শিশুটিকে মৃত বলে কবর দেয়ার জন্যে হস্তান্তর করে। ওই ব্যক্তি শিশুটির বয়স দু থেকে তিন মাস বলে জানিয়ে দাবি করেন, শিশুটি মৃত। তাই দ্রুত কবরস্থ করার অনুরোধ জানান।

১৭ সেপ্টেম্বর

ফরিদগঞ্জে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধ নিয়ে ছোট ভাই শাহজালাল খান এর হাতুড়ি আঘাতে বড় ভাই খাজা আহমেদের মৃত্যু হয়েছে। পুলিশ এই ঘটনায় তিন জনকে আটক করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে ওই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড পূর্ব চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এই ঘটনা ঘটে।

২৬ সেপ্টেম্বর

মতলবে অজ্ঞাত ব্যক্তির অঙ্গ-প্রত্যঙ্গ খণ্ডিত লাশ উদ্ধার

মতলব দক্ষিণ সদরের মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কোয়ার্টার থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) কলেজের বিজ্ঞান ভবনের পিছনে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সালামত উল্লাহর অব্যবহৃত বাসভবনের পরিত্যক্ত রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

০৩ অক্টোবর

হাজীগঞ্জে বিএনপি ও জামায়াতে সংঘর্ষে আহত ৪০

হাজীগঞ্জে ফেসবুকে ছবি শেয়ার করাকে কেন্দ্র করে বিএনপি- জামায়াতের কর্মীদের মধ্যে  রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার দুপুরে হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা বাজারে এ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

০৫ অক্টোবর

হাজীগঞ্জে এসির আউটডোরে আটকে গেলো শিক্ষার্থী

৫ তলা ভবনে থাকা মাদরাসা থেকে পালাতে গিয়ে এসির আউটডোরে আটকা পড়ে এক শিশু। খবর পেয়ে দমকল বাহিনী রশির মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে। হাজীগঞ্জের টোরাগড়ে ঘটনাটি ঘটে (৫ অক্টোবর ২০২৫) দুপুর ১২টার দিকে। পরে মো. রায়হান নামের ১০ বছর বয়সী ঐ শিশুটিকে তার মায়ের জিম্মায দেয়া হয়।

০৭ অক্টোবর

চাঁদপুর আদালত চত্ত্বরে অবুঝ সন্তানদের নিয়ে বাবা মায়ের টানাটানি

চাঁদপুর আদালত চত্ত্বরে অবুজ যমজ দুই শিশু সন্তানদের নিয়ে তাদের বাবা মার কান্নাকাটিসহ টানাটানির একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পরেই এই ঘটনার বিষয়ে জানতে সোশ্যাল মিডিয়ায় নানান কৌতুহলের জন্ম দেয়। ৭ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টায় ম্যাজিষ্ট্রেট ফাহিমের কোর্ট থেকে বের হওয়ার পর দু’পক্ষের স্বজনদের আহাজারি ও বাচ্চা টানাটানির ভিডিওটি ভাইরাল হতে থাকে।

১০ অক্টোবর

চাঁদপুরে ব্যাংক থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে সোনালী ব্যাংকের টয়লেট থেকে মঙ্গল হরিজন নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাত ১০টায় শহরের চিত্রলেখা মোড়ে অবস্থিত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের চতুর্থ তলার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

১০ অক্টোবর

কচুয়ায় রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি,হিন্দু  কিশোর আটক

কচুয়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগে তমাল চন্দ্র সরকার (১৭) নামে কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কচুয়া পৌর এলাকার কান্দিরপাড় এলাকা থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা তমালকে কচুয়া থানা পুলিশের হেফাজতে দেন।

১৮ অক্টোবর

চাঁদপুর ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন মতলব উত্তর

চাঁদপুর ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর সফল সমাপ্তি হয়েছে। শনিবার ১৮ অক্টোবর বিকাল তিনটায় চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা এবং ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। বিপুল দর্শক উপস্থিতির এই ফাইনাল খেলায় ট্রাইবেকারে ফরিদগঞ্জ উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মতলব উত্তর উপজেলা।

০৩ নভেম্বর

চাঁদপুর শহরে ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগ, হিন্দু তরুন আটক:

চাঁদপুর শহরের পুরাণবাজারে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে কটূক্তি করার অভিযোগে জয় বর্মণ (১৮) নামে এক তরুনকে বিক্ষুব্ধ মুসলিম জনতার ব্যারিকেট থেকে উদ্ধার করে আটক করেছে যৌথবাহিনী ।সোমবার (৩ নভেম্বর) রাত ১১ টার সময় নিতাই গঞ্জ কার্তিক সাহার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

০৪ নভেম্বর

এমএ হান্নানের মনোনয়নের দাবিতে চাঁদপুর-লক্ষ্ণীপুর সড়কে আগুন, অবরোধ

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান। এতে ফুঁসে উঠেছে বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকাল থেকে চাঁদপুর-লক্ষ্ণীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দেখা দেয় চরম ভোগান্তি।

১১ নভেম্বর

ফরিদগঞ্জে সেলসম্যানকে গুলি করে হত্যা করে টাকা ছিনতাই

ফরিদগঞ্জ উপজেলায় ছিনতাইকারী দুর্বৃত্তের গুলিতে রুহুল আমিন (৩৫) নামে সিটি গ্রুপ বেঙ্গল চা পাতার স্থানীয় এক সেলসম্যান নিহত হয়েছেন।এ সময় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দশটার দিকে উপজেলার রূপসা ইউনিয়নের রুস্তমপুর সমিতির পুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবার বুকফাটা কান্না আর আর্তনাদে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।

১৬ নভেম্বর

হাইমচরে প্রাথমিক শিক্ষক দম্পতিকে জিম্মি করে ডাকাতি

হাইমচর উপজেলার দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরভাঙ্গা গ্রামে অস্ত্রের মুখে প্রাথমিক শিক্ষক দম্পতিকে জিম্মি করে ডাকাতি সংঘটিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতির বাড়িতে হামলা চালিয়ে পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

২৩ নভেম্বর

হাইমচরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা

হাইমচরে ধান ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় কাকলী বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাঢ়ী কান্দি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী জহিরুল ইসলামকে (৩০) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। ঘাতক স্বামী জহিরুল হত্যাকাণ্ডটির দায় স্বীকার করে জানান, ‘তার ধারণা স্ত্রীর গর্ভের সাত মাসের অনাগত সন্তানটি তার নয়। তিনি অভিযোগ করেন, কাকলি বেগম বিভিন্নভাবে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং পরপুরুষের সঙ্গে মেলামেশা করতেন।

২৩ নভেম্বর

চাঁদপুরেও ভয়াবহ ভূমিকম্প অনুভূত

দেশের বিভিন্ন স্থানের ন্যায় চাঁদপুরেও ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটের সময় হঠাৎ শক্ত ঝাঁকুনিতে কেঁপে উঠে ঘরবাড়িসহ সকল স্থাপনা।

চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ভূমিকম্পের রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাদবদী থেকে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের সময় চাঁদপুর শহর এলাকাসহ মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

২0 ডিসেম্বর

হাদির মৃত্যুতে চাঁদপুরে গায়েবানা জানাজা ও কফিন মিছিল

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে হাজারো ছাত্র-জনতার অংশগ্রহণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ঘিরে পুরো কলেজ এলাকা শোকাবহ পরিবেশে পরিণত হয়। রাজধানীর সংসদ ভবন চত্বরের সাথে সঙ্গতি রেখে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে গায়েবানা জানাজা শেষে শহরে বের করা হয় এই বিক্ষোভ মিছিল। কফিন মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।

২৫ ডিসেম্বর

মেঘনায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ , নিহত ৪

চাঁদপুর মেঘনা নদীর নৌ সীমানায় ঘনকুয়াশায় নির্বাহী দুটি লঞ্চের সংঘর্ষে অন্তত ৪ যাত্রী নিহত এবং ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক দুইটার দিকে মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর সীমন্তবর্তী নীলকমল বাংলা বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে  ভয়াবহ সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটে।

৩১ ডিসেম্বর

খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জুড়ে শোক, গায়েবানা জানাজা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঢাকার জানাজার সঙ্গে একাত্মতা প্রকাশ করে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজা। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজাকে কেন্দ্র করে শহরজুড়ে নেমে আসে মানুষের ঢল। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান।