শহর প্রতিনিধি
আত্মকর্মসংস্থানের মাধ্যমে অসহায় ও কর্মহীন মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে ভ্যানগাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বাদ যোহর শহরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন এলাকার পাঁচজন কর্মহীন ব্যক্তির হাতে জীবিকা নির্বাহের উপকরণ হিসেবে ভ্যানগাড়ির চাবি তুলে দেন জামায়াতের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
প্রধান অতিথি বলেন, আমাদের দেশে এখনো বিপুলসংখ্যক মানুষ কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। রাষ্ট্র ও সমাজব্যবস্থার নানা সীমাবদ্ধতা ও অবক্ষয়ের কারণে অনেক পরিবার চরম কষ্টে দিনাতিপাত করছে। দুর্নীতি ও অর্থপাচার রোধ করে সুশাসন প্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি সম্ভব। আমরা সাংগঠনিকভাবে চেষ্টা করছি যাতে সাহায্যনির্ভর নয়, বরং কর্মনির্ভর মানুষ গড়ে তোলা যায়।
তিনি আরো বলেন, একটি ভ্যানগাড়ি শুধু একটি বাহন নয়, এটি একটি পরিবারের স্বপ্ন। আত্মমর্যাদা ও স্বাবলম্বিতার প্রতীক। আমরা চাই, এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা নিজেরা স্বাবলম্বী হবেন এবং সমাজেও ইতিবাচক পরিবর্তন আনবেন।
অ্যাড: শাহজাহান মিয়ায়া বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত কর্মহীনদের পাশে দাঁড়ানো। দান নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই টেকসই সমাধান।
শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ বেলায়েত হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান, গোলাম মাওলা, প্রভাষক ওমর ফারুক সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ভ্যানগাড়ি পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সহায়তা তাদের পরিবারে নতুন আশার সঞ্চার করেছে। তারা নিয়মিত পরিশ্রমের মাধ্যমে আয় বৃদ্ধি করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে প্রত্যয় ব্যক্ত করেন।
জামায়াতের এ কার্যক্রম কে স্থানীয় সুশীলরা মনে করেন এ ধরনের আত্মকর্মসংস্থানভিত্তিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং কর্মহীন মানুষের মুখে হাসি ফোটাতে কার্যকর ভূমিকা রাখবে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
