চাঁদপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

শহর প্রতিনিধি

“কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা”— এই প্রতিপাদ্যে চাঁদপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (২৫ জানুয়ারি) সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। র‌্যালিটি চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে শুরু হয়ে সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. শাখাওয়াত হোসেন, লেপ্রসি মিশনের প্রতিনিধি মো. মুশফিকুর রহমান, জুনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ এবং ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদিকা পাপড়ি বর্মনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

র‌্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ে কুষ্ঠরোগ নির্ণয় ও প্রতিরোধ বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, কুষ্ঠরোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য হলেও সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণার কারণে অনেক রোগী সময়মতো চিকিৎসা নিতে আগ্রহী হন না। তাই কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি বলে তারা মত প্রকাশ করেন।