
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে এইচএসসিতে পাসের হার ৪৫.৩৫%, আলিমে ৬৪.২৭ ও ভোকেশনালে ৬৯.৯৬ শতাংশ। জেলায় পাসের হারে এগিয়ে আলিম ও এইচএসসি ভোকেশনাল।
জেলায় ২০২৬ সালের এইচএসসি (সাধারণ), আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে মিশ্র চিত্র দেখা গেছে। তিন ধারার পরীক্ষায় মোট ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে এইচএসসি (সাধারণ) পরীক্ষায় ১০৭ জন, আলিমে ৪৫ জন এবং এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৭ জন জিপিএ-৫ পেয়েছে।
তবে পাসের হারে তিন ধারার মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে এইচএসসি (সাধারণ)। এ পরীক্ষায় জেলার পাসের হার মাত্র ৪৫.৩৫ শতাংশ। আলিমে ৬৪.২৭ শতাংশ এবং ভোকেশনালে ৬৯.৯৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
জেলা শিক্ষা অফিসের প্রকাশিত উপজেলাভিত্তিক ফলাফল বিবরণী বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এইচএসসি (সাধারণ) পরীক্ষায় জেলার ৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। আলিম পরীক্ষায় ৯৭টি প্রতিষ্ঠানের ২ হাজার ৫৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬৫৩ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। অন্যদিকে, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৩টি প্রতিষ্ঠানের ৯৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮০ জন উত্তীর্ণ হয়েছে এবং ১৭ জন জিপিএ-৫ অর্জন করেছে।
এইচএসসি সাধারণে পাসের হার ৪৫.৩৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন
এইচএসসি (সাধারণ) পরীক্ষায় চাঁদপুর জেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, আটটি উপজেলার মধ্যে কোনো উপজেলাতেই পাসের হার ৬০ শতাংশে পৌঁছায়নি। পাসের হারে শীর্ষে রয়েছে চাঁদপুর সদর উপজেলা। অন্যদিকে, সবচেয়ে পিছিয়ে রয়েছে মতলব উত্তর।
চাঁদপুর সদর উপজেলায় ১৪টি প্রতিষ্ঠানের ৩ হাজার ৬২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৩৪ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে সর্বোচ্চ ৭৩ জন। পাসের হার ৫৮.৯০ শতাংশ।


















