মঙ্গলবার , জুন ১৬ ২০২৬

চাঁদপুরে আষাঢ়ের দ্বিতীয় দিনে বৃষ্টিপাত, ভ্যাপসা গরম ছড়াচ্ছে

স্টাফ রিপোর্টার

আজ ২ আষাঢ়, বর্ষা ঋতুর আনুষ্ঠানিক দ্বিতীয় দিন। চাঁদপুর জেলার বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে।

আজ মঙ্গলবার ১৬জুন বাংলা পঞ্জিকা অনুযায়ী আষাঢ়-শ্রাবণ মিলেই এই ঋতু। ষড়ঋতুর বাংলাদেশে বর্ষার আগমন ঘটেছে।

এ ঋতুর দ্বিতীয় দিন বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয় এবং পথচারীদের দুর্ভোগে পড়তে দেখা যায়।

চাঁদপুরের গাছপালায় নতুন কদম ফুলের উপস্থিতি চোখে পড়ছে। কোথাও কোথাও কৃষ্ণচূড়ার লাল রঙ ফুরিয়ে এসে মিশে যাচ্ছে বর্ষার হলদেটে কদমের আভায়। বৃষ্টি না থাকলেও মেঘলা আকাশ আর স্যাঁতসেঁতে বাতাস শহুরে জীবনে এক ধরনের নরম বিষণ্নতা ছড়িয়ে দিচ্ছে। এমন সময়ই যেন নাগরিক মনে ফিরে আসে রবীন্দ্রনাথ— ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে।’

আবহাওয়া অফিসের তথ্য মতে, এদিন সারা দেশে ৬২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আজ মঙ্গলবারও চার বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানান, বর্ষার মৌসুমি বায়ু সারা দেশের ওপর সক্রিয়। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে। এ ছাড়া সারা দেশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।