আলগী বাজারে ঝুলছে বিদ্যুতের তার, যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারের গুরুত্বপূর্ণ মধ্যগলিতে বিদ্যুতের খাম্বা থেকে বিভিন্ন দোকানে নেওয়া সংযোগের তার নিচু ও ঝুলন্ত অবস্থায় রয়েছে। ব্যস্ত এই গলিতে প্রতিদিন শিক্ষার্থী, পথচারী, রিকশা-ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও তারগুলোর উচ্চতা ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিসমিল্লাহ হার্ডওয়্যারের সামনের একটি বিদ্যুৎ খাম্বাকে ঘিরে একাধিক সংযোগের তার এলোমেলোভাবে নিচের দিকে ঝুলে রয়েছে। গলিটি বাজারের অন্যতম ব্যস্ত পথ হওয়ায় নিচু হয়ে থাকা তারগুলো যানবাহন চলাচলের সময় ঝুঁকি তৈরি করছে।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বড় ট্রাক ও মালবাহী লরি বাজারে প্রবেশের সময় অতীতে ঝুলন্ত তারের সঙ্গে গাড়ির সংঘর্ষে তার বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্ট দোকানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় বলে জানান তারা।
স্থানীয়দের দাবি, সড়কটি সংস্কারের পর এর উচ্চতা প্রায় চার ফুট বেড়েছে। কিন্তু বিদ্যুৎ খাম্বা ও ফিলার থেকে নেওয়া সংযোগগুলোর তার সেই অনুপাতে পুনর্বিন্যাস না হওয়ায় কিছু তার বর্তমানে তুলনামূলক নিচু হয়ে পড়েছে। ফলে একই স্থানে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের পাশাপাশি ভারী যানবাহন চলাচল করায় ঝুঁকিও বাড়ছে।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, মধ্যগলিটি দুর্গাপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও আলগী বাজার সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম পথ। ফলে বিদ্যুতের তার ছিঁড়ে পড়া, শর্টসার্কিট কিংবা বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটলে পথচারীদের পাশাপাশি শিক্ষার্থীরাও ঝুঁকির মধ্যে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ এলাকায় রয়েছে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান। ব্যবসায়ীদের ভাষ্য, বাজারের দোকানগুলোতে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ পণ্য ও অর্থের লেনদেন হয়। কোনো বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে প্রাণহানির পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও মালামালের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta