কচুয়ায় রাতের আঁধারে বাড়ি থেকে ডেকে নিয়ে নুরুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার বিতারা গ্রামের খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুল হক একই গ্রামের মৃত. সুলতান মিয়ার ছেলে।
এ ঘটনায় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান, কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম ও ওসি তদন্ত জিয়াউল হক এবং ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্র জানায়, পরকীয়া সংক্রান্ত একটি ঘটনা নিয়ে একই গ্রামের ওমান প্রবাসী শুক্কর আলীর সঙ্গে নুরুল হকের বিরোধ ছিল। শনিবার রাতে একই এলাকার জাহাঙ্গীর ও জালাল নামে ২ যুবক কৌশলে নুরুল হককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে শুক্কর আলী একাই নূরুল হকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়।
এসময় রক্তাক্ত নূরুল হকের ডাক চিৎকারে পরিবারের সদস্য ও এলাকাবাসী ছুটে ঘটনাস্থলে ছুটে আসে। সেখানেই কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হয় নুরুল হকের।
নিহতের স্ত্রী জাহানারা বেগম, শ্বশুর আমির হোসেন ও ছেলে জহিরুল ইসলাম জানান, শনিবার রাতে বিতারা গ্রামের জাহাঙ্গীর ও জালাল মুঠোফোনে তাকে (নুরুল হক) ডেকে নিয়ে যায়। কিন্তু তাদের পূর্ব পরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনা ছিল।
যা নুরুল হক বুঝতে পারেনি। শত্রুতার জেরে একই এলাকার শুক্কর আলী দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলে মারা যান নুরুল হক। এ ঘটনায় হত্যাকারী এবং ডেকে নেওয়া লোকদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান নিহতের স্বজন ও এলাকাবাসী।
নিহতের বোন জুলেখা বেগম,রাশিদা ও তাছলিমা জানান, পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে।
তাই এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ওই গ্রামের হযরত আলীর ছেলে গ্ৰাম পুলিশ জালাল উদ্দিন, সৈকত আলীর ছেলে আমান উল্লাহ ও মুসলিমের ছেলে রফিকুল ইসলাম।
ঘটনা সম্পর্কে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান জানান, একাধিক বিয়ে করা ওমান প্রবাসী শুক্কুর আলী নামে এক ব্যক্তি তার প্রথম স্ত্রী’র সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে। এমন সন্দেহ থেকে নূরুল হককে হত্যা করা হয়। আর এই ঘটনা শুক্কুর আলী একাজ করে গাঢাকা দিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। তবে হত্যাকান্ড সম্পর্কে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কচুয়ার ওসি আজিজুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত নুরুল হকের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে শুক্কুর আলী, জাহাঙ্গীর ও জালালসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
