জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করার পর আবার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে সকালেই নির্বাচন স্থগিতের ঘোষণা দেন ভিসি অধ্যাপক ড. মো: রেজাউল করিম।
এদিকে ঘোষণার পরপরই সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীদের একাংশ ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন। তারা ভিসি ভবন ঘেরাও করে দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি পালন করেন এবং দ্রুত পুনঃতফসিল ঘোষণার দাবি জানান।
পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুনরায় সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। সভা শেষে ভিসি জানান, ‘শিক্ষার্থীদের আবেগ ও দাবি বিবেচনায় দ্রুততম সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
