গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের আমলের সাবেক পাঁচ সংসদ সদস্যের ওপর ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া জনতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচারেরও দাবি করেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এর আগে বেলা ১১টার দিকে গাছা থানার তিন হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি জরুল ইসলাম মজুমদার ও এনটিএমসি প্রধান মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গাজীপুরের আদালতে আনা হয়। পরে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. ওমর হায়দার তাদের গ্রেফতার আবেদন মঞ্জুর করেন।
আলোচিত এসব বন্দিকে আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় বিক্ষুব্ধ জনতা এসব সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপির ওপর ডিম নিক্ষেপ করেন। পরে তাদের কেরানীগঞ্জ ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
গাজীপুর মহানগর কোর্ট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী বলেন, গাছা থানার তিন হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আসামিদের আদালতে হাজিরকে কেন্দ্র করে সকাল থেকেই আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দুটি পৃথক প্রিজন ভ্যানে করে আসামিদের কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাদের আদালতের এজলাসে তোলা হয়। শুনানি শেষে আবারও কঠোর নিরাপত্তায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
আসামিদের মধ্যে ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক ও সাধন চন্দ্র মজুমদারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং বাকিদের ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
