কাগজে-কলমে আজ রোববার শেষ হবে বছরের দ্বিতীয় ঋতু বর্ষা। তবে প্রকৃতিতে বর্ষার বৃষ্টি থাকবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। এখন বৃষ্টি আগের চেয়ে কিছুটা বেড়েছে। এভাবে আরও দুদিন অব্যাহত থাকবে, তাই তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছেন
আবহাওয়াবিদরা। আগামী ১৬ আগস্ট থেকে মৌসুমি বায়ুর সক্রিয়তায় বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে বলেও জানিয়েছেন তারা।
গতকাল শনিবার শ্রাবণের ৩০ তারিখ। ছুটির দিনটিতে নগরবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে। বেলা কিছুটা বাড়লে বৃষ্টি থেমে যায়। দু-একবার মেঘের ফাঁকে সূর্য উঁকিও মারে। এরপর আবার মেঘ ঘণায়মান আকাশ। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘এখন বর্ষা মৌসুম, তাই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামী সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। তবে মাঝে মাঝে বৃষ্টির পরিমাণে কম-বেশি হবে। তিনি বলেন, ‘আগামী দু-দিন এভাবেই বৃষ্টি হবে, ১৬ আগস্ট থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এখন থেমে থেমে হচ্ছে, তখন হয়তো ননস্টপ অনেকটা সময় ধরে বৃষ্টি হবে।
আবুল কালাম মল্লিক বলেন, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
