
বারডেম জেনারেল হাসপাতালের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নাছির উদ্দীন আহমেদ (অব.)। গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রের মাধ্যমে তাঁর এই নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাছির উদ্দীন আহমেদ এর আগেও বারডেম হাসপাতালে একাধিক উচ্চপর্যায়ের প্রশাসনিক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক এবং পরিচালক (হাসপাতাল ও লজিস্টিক সার্ভিসেস) হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন। বারডেমের সার্বিক প্রশাসনিক ও চিকিৎসাসেবা ব্যবস্থাপনা উন্নয়নে তাঁর এই পূর্ব অভিজ্ঞতা বিশেষ ভূমিকা পালন করেছে।
বারডেমে আসার পূর্বে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কর্মজীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা কোরে দীর্ঘ সময় দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদে দায়িত্ব পালন করেছেন।
ডা. নাছির উদ্দিন আহমেদের এই অর্জনে তাঁর জন্মভূমি চাঁদপুরজুড়ে বইছে আনন্দের হাওয়া। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডা. আবদুস সাত্তারের জ্যেষ্ঠ পুত্র। পারিবারিক আবহ থেকেই তিনি মানবিক ও জনসেবামূলক কাজের দীক্ষা গ্রহণ করেন।
চাঁদপুরের এই কৃতী সন্তানের নতুন দায়িত্বে শুভকামনা ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী। সংশ্লিষ্টদের আশা, তাঁর সমৃদ্ধ প্রশাসনিক দক্ষতা ও চিকিৎসা ব্যবস্থাপনার অভিজ্ঞতা বারডেমের আধুনিকায়নসহ ডায়াবেটিক রোগীদের মানসম্মত সেবা নিশ্চিতকরণে নতুন মাত্রা যোগ করবে।

















