
চাঁদপুর শহর এলাকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বাবুরহাটে জননিরাপত্তা জোরদার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য স্থান নির্বাচনে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা যৌথভাবে এলাকা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাবুরহাটের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম, চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির সরদার এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শনকালে ফাঁড়ি স্থাপনের জন্য উপযুক্ত জমি, যাতায়াত ও যোগাযোগব্যবস্থা এবং সার্বিক অবকাঠামোগত সুবিধা পর্যালোচনা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বাবুরহাট চাঁদপুর জেলার অন্যতম বৃহৎ ও ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র। এখানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি চালু হলে অপরাধ দমন, চুরি-ছিনতাই রোধ এবং এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারবে। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের দীর্ঘদিনের নিরাপত্তাজনিত উদ্বেগ দূর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে এই পরিদর্শন পরিচালনা করা হয়েছে। জমি চূড়ান্তকরণসহ প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ে ফাঁড়ি স্থাপনের পরবর্তী কার্যক্রম শুরু হবে। কর্মকর্তাদের এই সরেজমিন পরিদর্শনের মধ্য দিয়ে প্রস্তাবিত পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন বাবুরহাটের সচেতন মহল ও সাধারণ এলাকাবাসী।

















