শুক্রবার , মে ১৫ ২০২৬

আইসিসির এপ্রিলের সেরা মিরাজ

মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার জিতলেন মেহেদি হাসান মিরাজ। রেকর্ড গড়া পারফরম্যান্স দিয়ে লড়াইয়ে প্রথমবার জায়গা করে নিয়েই এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার।

গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম বুধবার প্রকাশ করে আইসিসি। নারীদের মধ্যে সেরার পুরস্কার জিতেছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস।

মিরাজ সেরার লড়াইয়ে হারিয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে। আর ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও পাকিস্তানের ফাতিমা সানাকে হারিয়ে এপ্রিল সেরার স্বীকৃতিটি জিতেছেন ব্রাইস।

বাংলাদেশের হয়ে সবশেষ এই সম্মাননা পেয়েছিলেন তারকা অলরাউন্ডার সাকিব, ২০২৩ সালের মার্চে।

এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই স্বীকৃতি পেয়েছেন মিরাজ। পুরস্কারটি জিততে পেরে ভীষণ খুশি এই তারকা।

“আইসিসি মেন’স প্লেয়ার অব দা মান্থ জিততে পারা অবিশ্বাস্য সম্মানের। আইসিসির পুরস্কারগুলো যেকোনো ক্রিকেটারের জন্য চূড়ান্ত স্বীকৃতি এবং বৈশ্বিক ভোট থেকে এটি পাওয়া আমার জন্য অনেক কিছু।”

“এমন মুহূর্তগুলো আমাকে ক্রিকেট আঙিনায় যাত্রার কথা মনে করিয়ে দেয়- ২০১৬ আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে টুর্নামেন্টের খেলোয়াড় হওয়া আমার ক্যারিয়ারের শুরুর দিকে বিশাল প্রেরণা ছিল। আর এই পুরস্কারটি ঠিক তেমনই বিশেষ।”

সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ৩ উইকেটে হারলেও রেকর্ড গড়া বোলিংয়ে দুই ইনিংসেই ৫টি করে ম্যাচে মোট ১০ উইকেট নেন।

তৃতীয়বার এক টেস্টে অন্তত ১০ উইকেট পান অভিজ্ঞ অফ স্পিনার। দেশের আর কারও নেই এই কীর্তি। বাংলাদেশের হয়ে ম্যাচে দুবার করে ১০ উইকেট নিতে পেরেছেন দুই বাঁহাতি স্পিনার সাকিব ও তাইজুল ইসলাম।

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংস ও ১০৬ রানের জয়ের নায়ক মিরাজ। দলের খুব দরকারি সময়ে ব্যাট হাতে ১০৪ রানের ইনিংস খেলার পর প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার তিনি। তার আগে এই কীর্তি ছিল সাকিব আল হাসান (দুই বার) ও সোহাগ গাজীর। আর একই সিরিজে এক ম্যাচে ১০ উইকেট শিকার ও এক ইনিংসে সেঞ্চুরি করা টেস্ট ইতিহাসের সপ্তম ক্রিকেটার তিনি।