শুক্রবার , মার্চ ৬ ২০২৬

ফরিদগঞ্জ সুবিদপুরে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভায়

স্টাফ রিপোর্টার

চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেছেন, ফরিদগঞ্জ উপজেলার জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তারা উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে আগামী ১২ তারিখের অপেক্ষায় রয়েছে।

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এই আসনে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে উঠেছে
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নমুখী ফরিদগঞ্জ গড়ে তুলতে চাই। ০২ জানুয়ারী সোমবার ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নে আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের নারীদের একটি বিশেষ গোষ্ঠী দীর্ঘদিন ধরে পিছিয়ে রেখেছে। প্রকৃত অর্থে তাদের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। আমরা কোরআন ও হাদিসের আলোকে নারীদের সম্মান, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে চাই। একটি গোষ্ঠী আমাদেরকে নারী বিদ্বেষি হিসেবে প্রমান করতে চায়। আসলে জামায়াতের কাছেই নারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।

তিনি উপস্থিত সকলের প্রতি দাড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: ইউনুস হেলাল। চাঁদপুর সদর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেন। ইউনিয়ন সভাপতি মাওলানা শাখাওয়াত হোসেন ইসলাম, ফারুক হোসাইন সহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

স্থানীয় ভোটারদের মতে, অন্যান্য প্রার্থীদের তুলনায় নৈতিকতা, যোগ্যতা ও জনসম্পৃক্ততার দিক থেকে তিনি অনেক এগিয়ে রয়েছেন। দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরায় জনগণের মধ্যে তাকে নিয়ে আশাবাদ সৃষ্টি হয়েছে।